পরমাণু অস্ত্র: সক্ষমতা ‘দ্বিগুণ বাড়াচ্ছে’ পাকিস্তান
পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি পাকিস্তান এফ-১৬সহ কয়েকটি যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে তোলার কাজ করছে, বুলেটিন অব অটোমিক সাইন্টিস্ট জার্নালের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
শনিবার টাইমস অব ইন্ডিয়ায় খবরে বলা হয়, ভূউপগ্রহ থেকে তোলা পাকিস্তানের সেনা ছাউনি ও বিমান ঘাঁটির বিপুল সংখ্যক ছবি বিশ্লেষণ করে হ্যান্স এম ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিস ওই প্রতিবেদনটি লেখেন।
গত মাসে বুলেটিন অব অটোমিক সাইন্টিস্ট জার্নালে প্রতিবেদনটি প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওই জার্নালের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের হাতে বর্তমানে ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র (ওয়ারহেড) মজুদ আছে।
প্রতিবেদনে বলা হয়, “আরও পরমাণু অস্ত্র তৈরি, উৎক্ষেপণ ব্যবস্থার উন্নয়ন এবং ‘ফিসইল ম্যাটেরিয়াল’ উৎপাদনকারী কারখানা বাড়ানোর মাধ্যমে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে যাচ্ছে।”
“আমাদের হিসাব মতে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারে এখন ১৩০-১৪০টি ওয়ারহেড আছে। যা ১৯৯৯ সালে করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পূর্বানুমানকে ছাড়িয়ে গেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০২০ সাল নাগাদ পাকিস্তানের হাতে ৬০ থেকে ৮০টি ওয়ারহেড থাকতে পারে।”
পাকিস্তানের চারটি পরমাণু চুল্লির কার্যক্ষমতা বাড়ানো হয়েছে এবং সেখান থেকে ইউরেনিয়াম উৎপাদিত হচ্ছে। বিভিন্ন উৎক্ষেপণ ব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে, যার ফলে আগামী ১০ বছরে দেশটির পরমাণু অস্ত্রভাণ্ডারে আরও অস্ত্র জমা হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
“খুব সম্ভবত এখন থেকে এক দশক পর প্রায় সাড়ে তিনশ ওয়ারহেড নিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহৎ পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশে পরিণত হবে। গত দুই দশকের তুলনায় বর্তমানে দেশটির পরমাণু অস্ত্র সমৃদ্ধিকরণ দুই থেকে তিন গুণ দ্রুত হচ্ছে।”
বর্তমানে পাকিস্তানের অবস্থান সপ্তম। তার আগে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং ভারত।
