২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে মিছিল-সমাবেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সরকারি বিরোধী সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবি করেছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

শনিবারের এ সমাবেশে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা কয়েক বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ কেলেঙ্কারির কারণে তার পদত্যাগ দাবি করেন।

সমাবেশের কয়েক ঘন্টা আগে বিরোধীদলীয় নেতা ও সরকার বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার করে সমাবেশ ঠেকানোর চেষ্টা করে সরকার। কিন্তু গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে হলুদ জামা পরা হাজার হাজার প্রতিবাদকারী বিভিন্ন এলাকা থেকে রাজধানীর কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যান। এ সময় রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিক্ষোভকারীরা ড্রাম ও ভুভুজেলা নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তৃতার পাশাপাশি গান পরিবেশন করা হয়। বক্তৃতা ও গানের ফাঁকে ফাঁকে পরিচ্ছন্ন মালয়েশিয়া ও জনগণের ক্ষমতায়নের পক্ষে শ্লোগান তোলেন সমাবেশে আগত প্রতিবাদকারীরা।

তার বিরুদ্ধে প্রতিবাদ চলা সত্বেও প্রধানমন্ত্রী নাজিব কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। বিরুদ্ধবাদীদের ওপর দমনপীড়ন চালিয়ে ক্ষমতা সংহত করার চেষ্টা করছেন তিনি। 

গণতন্ত্রপন্থি বেরসিহ গোষ্ঠী সমাবেশটির আয়োজন করেছিল। সমাবেশের আগের দিন শুক্রবার গোষ্ঠীটির প্রধানকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সরকার বিরোধী সমাবেশের প্রতি সমর্থন জানানো বিরোধীদলগুলোর কয়েকজন নেতা ও ছাত্রনেতাকেও গ্রেপ্তার করা হয়।

বেরসিহ-র এই সমাবেশকে অবৈধ বলে দাবি করেছে পুলিশ।

কিন্তু কুয়ালামাপুরের জাতীয় মসজিদের সামনে সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বেরসিহ-র উপপ্রধান শাহরুল আমান শায়ারি বলেন, “দেশের পতন ঘটানোর জন্য আমরা এখানে সমবেত হইনি। আমরা দেশকে ভালোবাসি! আমরা সরকারের পতন ঘটানোর জন্যও সমবেত হইনি, আমরা সরকারকে শক্তিশালী করার জন্য এখানে সমবেত হয়েছি।”

সমাবেশস্থল থেকে বেরসিহর অপর নেতা হিশামুদ্দিন রাইসকে গ্রেপ্তার করে পুলিশ। সমাবেশে যোগ দেওয়া অন্যান্যদেরও সতর্ক করে তারা।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা জানিয়েছে, সমাবেশস্থলের আশপাশে সাত হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।