২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপারের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করলেন দেশটির গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার।

রয়টার্স

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 18 Nov 2016, 10:46 AM

Updated : 12 Apr 2022, 03:20 AM

ন‌্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক এজেন্ট এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দেওয়ার পর ন‌্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে সেই ধাক্কা সামাল দিতে হয়েছিল ক্ল্যাপারকে। এ বিষয়ে কংগ্রেসে বিভ্রান্তিকর তথ‌্য দেওয়ায় তার সততা নিয়েও প্রশ্ন ওঠে।   

গার্ডিয়ান লিখেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাইকেল ফ্লিনের সঙ্গেও তর্কে জড়িয়েছিলেন ক্ল্যাপার। বৃহস্পতিবার তিনি কংগ্রেসের একটি প্যানেলকে নিজের পদত্যাগের কথা জানিয়ে বলেন, এতে তিনি স্বস্তি বোধ করছেন।

বিবিসি লিখেছে, ট্রাম্প তার নতুন প্রশাসনের জন‌্য পছন্দের লোকদের বাছাই শুরু করায় ৭৫ বছর বয়সী ক্ল্যাপার নিজেই সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছিল।

পদত‌্যাগের মধ‌্য দিয়ে সাবেক এই গোয়েন্দা প্রধান ট্রাম্প শিবিরকে তাদের কাজ দ্রুত গোছানোর সংকেত দিলেন বলেই বিশ্লেষকদের ধারণা।

বৃহস্পতিবার ক্ল্যাপার যখন শুনানির জন্য কংগ্রেস কমিটিতে হাজির হন, একজন ডেমোক্রেট দলীয় সদস্য রসিকতা করে তাকে আরও চার বছর গোয়েন্দা প্রধানের পদে থেকে যাওয়ার কথা বলেন।

উত্তরে ক্ল্যাপার বলেন, “গতরাতে আমি আমার পদত্যাগপত্র পেশ করেছি, তাতে আমি খুবই ভালো বোধ করছি। আমি হাতে ৬৪ দিন সময় পাচ্ছি।”

জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ল্যাপার যে পদত্যাগপত্রে সই করেছেন, তা আগামী  বছর ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আর ওইদিনই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

গোয়েন্দা প্রধান হিসেবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), দ্য ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) যুক্তরাষ্ট্রের ১৭টি আলাদা সংস্থার দেখভাল করতে হয়েছে ক্ল্যাপারকে।

৫২ বিলিয়ন ডলারের বেশি বাজেটের এসব সংস্থার এক লাখ সাত হাজারের বেশি কর্মী তার কাছে রিপোর্ট করেছেন এতোদিন।

তথ‌্যের গোপনীয়তা বিষয়ে বিশেষজ্ঞ স্টিভেন আফটারগুডকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, সব মিলিয়ে যে দায়িত্ব ন‌্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালককে পালন করতে হয়, তা ‘অসম্ভবের কাছাকাছি’। ক্ল্যাপারের পর ওই দায়িত্ব যার ওপরই বর্তাক, তাকে তিনি ঈর্ষা করবেন না।