২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে রাশিয়ার মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

ভূমধ্যসাগরে অবস্থানরত রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে অবতরণের চেষ্টাকালে একটি মিগ-২৯ ফাইটার জেট সাগরে বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 12:17 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

ফাইটার জেটটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন; রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

সম্প্রতি সিরিয়ার উপকূলে যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে রাশিয়া। অ্যাডমিরাল কুজনেৎসভ ওই বহরের অংশ। রাশিয়ার একমাত্র এই বিমানবাহী রণতরীটি কয়েক ডজন ফাইটার জেট, বোম্বার ও হেলিকপ্টার বহন করতে পারে। 

প্রশিক্ষণ উড্ডয়ন চলাকালীন ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে জেটটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুজনেৎসভের কয়েক কিলোমিটার ‍দূরে সাগরে জেটটি বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল পাইলটকে সাগর থেকে উদ্ধার করে।

পাইলট কোনো আঘাত পাননি এবং তিনি ফের ওড়ার জন্য তৈরি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এ ঘটনার পর রণতরীটি থেকে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়নি বলেও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, বিধ্বস্ত জেটটি মিগ-২৯কে। 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ক্রুটির লক্ষণ দেখা যায়। চলতি বছরের গ্রীষ্মে মিগ-২৯কে জেটগুলো কুজনেৎসভে মোতায়েন করা হয়েছিল।

মিগ-২৯ এর আধুনিক সংস্করণ এই জেটগুলো সাগরে ভাসমান বিমানবাহী রণতরীতে ওঠা-নামার জন্য বিশেষভাবে নকশাকৃত বলে জানা গেছে।