যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা অপরিহার্য: ট্রাম্পকে চীন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, সম্পর্কের জন্য সহযোগিতাই একমাত্র সঠিক পথ। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা বলেছে।
চীনা পণ্যে নতুন শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপের মুখে পড়বে বলে চীনের একটি রাষ্ট্রীয় পত্রিকা সতর্ক করে দেওয়ার পর এ দু’নেতা কথা বলেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প চীনকে আক্রমণ করে কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রে চীনের সব রপ্তারি ওপরই ৪৫ শতাংশ শুল্ক আরোপের অঙ্গীকার করেছিলেন তিনি।
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার প্রথম ১শ’ দিনের মধ্যেই ট্রাম্প চীনকে কারেন্সি ম্যানিপুলেটর হিসাবে ঘোষণা করার অঙ্গীকারও করেছেন।
ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা হস্তান্তর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ফোন কলে দু’নেতা একে অপরের প্রতি পারষ্পরিক শ্রদ্ধার আবহই প্রতিষ্ঠা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দুই দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি এবং চীনের প্রেসিডেন্ট দুজনের মধ্যেই অন্যতম দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে বলেই তিনি বিশ্বাস করেন।
ওদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বলেছেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা আছে। দু’নেতা শিগগিরই একে অপরের সঙ্গে বৈঠকে বসতেও সম্মত হয়েছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।
