২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পো: জাতিসংঘের ত্রাণবিতরণ প্রস্তুতির নিশ্চয়তা চায় রাশিয়া

সিরিয়ায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে ত্রাণ বিতরণে নিজেদের সক্ষমতার বিষয়ে জাতিসংঘ মিশনের আনুষ্ঠানিক নিশ্চয়তা চেয়েছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2016, 09:21 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আলেপ্পোর সংঘাতময় পূর্বাঞ্চলে নতুন করে মানবিক ত্রাণ নিয়ে যাওয়ার জন্য মস্কোর অনুমতির আগে সিরিয়ায় অবস্থিত জাতিসংঘ মিশনের সক্ষমতার বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এর আগে মানবিক ত্রাণ এবং আহত ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য ওই অঞ্চলে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিদ্রোহীদের কারণে তা আদতে কোনো কাজে লাগেনি। ওই অঞ্চলে প্রবেশ বা বের হওয়ার সময় বিদ্রোহীরা সরাসরি গুলি করে বলে দাবি করেন তারা।

অন্য দিকে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, তারা নয় বরং সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্ররা ত্রাণ বহরে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে মেজর-জেনারেল আইগর কোনাশেঙ্কভ বলেন, “যত তাড়াতাড়ি সিরিয়ায় জাতিসংঘের মিশনের প্রতিনিধিরা পূর্ব আলেপ্পোয় মানবিক ত্রাণ বিতরণ এবং আহত ও অসুস্থ বেসামরিক নাগরিকদের বের করে আনার বিষয়ে তাদের প্রস্তুতি এবং সক্ষমতা নিশ্চিত করতে পারবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও যেকোনো সময়ে বিষয়টি বিবেচনার জন্য প্রস্তুত থাকবে।”