শাড়িতে টেরিজা মে
ভারতের ব্যাঙ্গালুরুতে বিখ্যাত সোমেশ্বরা মন্দিরে শাড়ি পরে গিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারত-যুক্তরাজ্য প্রযুক্তি সম্মেলনে যোগ দিতে দুইদিনের সফরে ৬ নভেম্বর ভারতে যান মে। জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর।
এনডিটিভি বলছে, শেষদিন তিনি ব্যাঙ্গালুরুর ওই মন্দিরে গিয়েছিলেন ভারতীয় সাজে, সোনালি ও সবুজ রঙের সমন্বয়ে তৈরি শাড়ি পরে।
ছবি: রয়টার্স
দেবেন আভিয়াঙ্কর নামে একজন তার ট্যুইটার পৃষ্ঠায় শাড়ি পরিহিত টেরিজা মের ছবি শেয়ার করে লিখেছেন, “মাননীয় টেরিজা মে, ভারত সফরকালে শাড়ি পরার জন্য আপনাকে ধন্যবাদ। আমি পুরো পরিবার এ ঘটনায় খুবই সুখী বোধ করছি এবং আমি নিশ্চিত অন্য ভারতবাসীদের অনুভূতি একই।”
তালহা নামের একজন তার ট্যুইটারে লিখেছেন, “শাড়িতে টেরিজা মে-কে অপূর্ব লাগছে!”
মনিশ সিং নামের একজন তার ট্যুইটারে নিজের অনুভূতি প্রকাশ করেছে। তিনি লিখেছেন, “চমৎকার। প্রধানমন্ত্রী মে ভালোভাবেই সামলেছেন। দেখে মনে হয়েছে তিনি অনেক বছর ধরেই শাড়িতে অভ্যস্ত।”
ছবি: রয়টার্স
এছাড়াও তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। সফরের প্রায় পুরোটা সময় পাশ্চাত্যের পোশাকে তাকে দেখা গেলেও মন্দিরে যাওয়ার সময় তিনি শাড়ি পরেই গিয়েছিলেন।
