২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে ট্রাম্পের দর্শন পাচ্ছেন আবে

হোয়াইট হাউজে যাওয়ার আগে  সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাত পেতে চলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী ১৭ নভেম্বর নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন আবে। ট্রাম্পের সঙ্গে এটিই হবে প্রথম কোন দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 04:41 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ই আবে তার সঙ্গে সাক্ষাত করার কথা জানালে আগামী ১৭ নভেম্বর দিনক্ষণ বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প।

পেরুতে অনুষ্ঠেয় অ্যাপেক-শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্কে শিনজো আবের সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০ মিনিটের ফোন কলে শিনজো আবে বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও বেশি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ভূমিকার কারণে এশিয়া অঞ্চলের অর্থনীতি আরও বেশি সচল হবে। আঞ্চলিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে গভীর সম্পর্ক অতি জরুরি।

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমিও অত্যন্ত আগ্রহ নিয়ে আপনার (শিনজো আবে) সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করব। আমি বিশ্বাস করি, আপনার দেওয়া অর্থনীতি তত্ত্ব (আবেনোমিক্স) বিশ্ব অর্থনীতি পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে। দুইদেশের অভ্যন্তরীন সম্পর্ক শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যহত রাখবে।

ট্রাম্পের অপ্রত্যাশিত জয়ে চীন ও উত্তর কোরিয়ার আস্ফালনের মুখে জাপান তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে আছে।

ট্রাম্পের আমেরিকাকে সবার আগে রাখার অঙ্গীকার এবং জাপান ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির জন্য দেশ দুটির আরও বেশি খরচ দেওয়া নয়ত সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার যে কথা ট্রাম্প বলেছেন তাতেও উদ্বিগ্ন দু’দেশ।