২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত প্রেমকাহিনীর শুভ পরিণতি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে এক ভারতীয় ও এক পাকিস্তানির প্রেম কাহিনী শুভ পরিণতি পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 09:29 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

উত্তর ভারতের যোধপুরের বাসিন্দা নরেশ তেওয়ানি এবং পাকিস্তানের করাচির বাসিন্দা প্রিয়া বচ্চনের ৭ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারিত ছিল।

কিন্তু সম্প্রতি প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় প্রিয়া ও তার পরিবার ভারতে আসার ভিসা পাচ্ছিল না।

নিরুপায় হযে নরেশ টুইটারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে সাহায্য কামনা করেন।

সুষমাকে নরেশ লেখেন, “ম্যাম, ৭ নভেম্বর আমার বিয়ে। আমার বাগদত্তা পাকিস্তানের করাচির বাসিন্দা। তার পরিবার ভিসা পাচ্ছে না। এখন আমার একমাত্র আশা আপনি। দয়া করে সাহায্য করুন।”

জবাবে সুষমা লেখেন, “দয়া করে উদ্বিগ্ন হবেন না। আমরা ভিসা দেব।”

পরে প্রিয়ার পরিবারের ৩৫ সদস্যের সবাইকে ভারতের ভিসা দেওয়া হয় এবং সোমবার নরেশ-প্রিয়ার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে বিবিসি।

নবদম্পতি তাদের সাহায্য করার জন্য সুষমাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রিয়ার বাবা গিরিধরলাল বচ্চন বিবিসি’কে বলেন, “শেষ পর্যন্ত ভালবাসারই জয় হয়। উভয় দেশেই ভালবাসাকে সবার উপরে স্থান দিয়েছে এবং এ কারণেই আজ আমরা এখানে।”