২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে নিবিড় বাণিজ‌্য সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন ত‌্যাগের আগেই ভারতের সঙ্গে নিবিড় বাণিজ্য সম্পরর্ক গড়ে তুলতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। ভারতে প্রথম সফরে গিয়ে মে এ আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

ভারতীয় ব্যবসায়ীদের যুক্তরাজ্য ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন মে। তবে শিক্ষার্থী ভিসায় কোনও ছাড় দেওয়া হবে না।

ভারত-যুক্তরাজ্য প্রযুক্তি সম্মেলনে যোগ দিতে দুইদিনের সফরে রোববার ভারতে যান মে। জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভারত সফর।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মে বলেন, “কিভাবে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা আরও বিস্তারিত এবং গভীরভাবে করা যায় সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করব। আমাদের ব্যবসা, শিল্প-কারখানা, রপ্তানী ও বিনিয়োগ আরও ছড়িয়ে দিতে এখন আমাদের কী করতে হবে তাও খুঁজে বের করার চেষ্টা করব।”

“এজন্য আমাদের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই।”

উন্মুক্ত বাণিজ্যে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া দেশগুলোর একটি হিসেবে যুক্তরাজ্যকে দেখতে চান বলেও জানিয়েছেন মে।

তিনি বলেন, এ সফরে তিনি ভারতের সঙ্গে বাণিজ্য বাধা দূর করার চেষ্টা করবেন এবং ব্রেক্সিট পরবর্তী উন্মুক্ত বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবেন।

যুক্তরাজ্য ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আগ্রহ প্রকাশ করলেও ভারত সরকার একই সঙ্গে যুক্তরাজ্যে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষকর্মী পাঠানোর সুযোগ নিশ্চিত করতে চাইবে বলে জানিয়েছে দ‌্য টাইমস অব ইন্ডিয়া। 

এ বিষয়ে মোদী বলেন, একবিংশ শতকের শিক্ষা ও অর্থনীতির মেলবন্ধন নির্ধারণে ভারত ও যুক্তরাজ্যের একযোগে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।

মোদীর সঙ্গে বৈঠকের পর মে সাংবাদিকদের বলেন, “আমাদের ভিসা প্রস্তাবের আরও উন্নতি করা যায় কিনা সেট বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে যেসব ভারতীয়দের যুক্তরাজ্যে থাকার অধিকার নেই তাদের দ্রুত এবং বেশি সংখ্যায় ফেরত পাঠানোর কাজের গতিও বাড়ানো হবে।”