২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি: জাপান যাচ্ছেন মোদী

তিনদিনের সফরে ১০ নভেম্বর জাপান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:05 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

জাপানের সরকারি কর্মকর্তারা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে ছয় বছরের বেশি সময় ধরে অপেক্ষমান দুই দেশের পরমাণু চুক্তি সই হতে যাচ্ছে।

জাপানের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে পরমাণু শক্তির ব্যবহার ভারত সরকার সাদরে গ্রহণ করেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও হবে।

২০১০ সালের ২৫ জুন জাপানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কাসুয়া ওকাদা সর্বপ্রথম ভারত-জাপানের পরমাণু চুক্তির বিষয়টি আলোচনায় নিয়ে আসার পর গেল ১২ ডিসেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফরের সময় দুই দেশের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।

এবার মোদীর সফরে তা চূড়ান্ত হতে যাচ্ছে বলে সরকারি কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালের ৩০ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরে এসেছিলেন। ওই সময়ও বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

মোদীর সফরকালে জাপানের সম্রাট আকিহিতোর দেয়া সংবর্ধনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নৈশভোজও থাকছে।