২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের দখল থেকে সির্তে উদ্ধার ‘চূড়ান্ত পর্যায়ে’

লিবিয়ার সির্তে শহর ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধারে ছয়মাস ধরে চলমান অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশটির সরকারি বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2016, 11:28 AM

Updated : 12 Apr 2022, 03:15 AM

রোববার একটি ছোট আবাসিক এলাকা থেকে ১৪ জন সাধারণ মানুষকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকাটিতে বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছিল বলে জানিয়েছে লিবীয় বাহিনী।

প্রধানত মিসরাতার যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীটি জানিয়েছে, আইএস জঙ্গিদের দখলে আটকা পড়া সাধারণ মানুষ হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম রাখার লক্ষ্যে তাদের সাবধানতা অবলম্বন করতে হচ্ছে।

২০১৫ সালের প্রথম দিক থেকে ৮০ হাজার মানুষ অধ্যুষিত সির্তে শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আইএস। শহরটির দখল হারালে জঙ্গিগোষ্ঠীটি সম্পূর্ণভাবে লিবিয়া থেকে বিতাড়িত হবে।

রোববার উদ্ধার হওয়াদের অধিকাংশই নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের বেশ কয়েকটি দল পালিয়ে আসতে সক্ষম হয়েছে কিংবা তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদের মধ্যে অনেক নারী ও শিশুকে আইএস জঙ্গিরা অপহরণও করেছিল। এই নারী ও শিশুরা লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিল।

সির্তে শহর আইএস দখলমুক্ত করার লক্ষ্যে লড়াইরত যোদ্ধারা জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি সরকারের সঙ্গে যুক্ত রয়েছে।

লিবিয়ার পূর্ব এবং পশ্চিমাঞ্চল এখনো দুটি আঞ্চলিক প্রশাসনের মাধ্যমে শাসিত হচ্ছে। দুটি প্রশাসনই নিজেদের অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

ইরাক ও সিরিয়ার বাইরে সির্তে শহরেই আইএসের সবচে শক্তিশালী ঘাঁটি। শহরটি তেলসমৃদ্ধ লিবিয়ায় আইএসের সবচে মূল্যবান সম্পদ।