২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভোটারদের হত্যার হুমকি আইএসের

যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ভোটারদের ‘হত্যা করার’ হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। একইসঙ্গে মুসলিম ভোটারদের ভোট না দেওয়ারও আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 11:50 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাস পর্যবেক্ষণ দল সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

গ্রুপটির পরিচালক রিটজ কাটজ টুইটারে বলেন, আইএস- এর  আল হায়াত মিডিয়া সেন্টারের একটি প্রবন্ধে এই হুমকি দেওয়া হয়।

প্রবন্ধে বলা হয় “জঙ্গিরা আপনাকে হত্যা করতে এবং আপনাদের ব্যালট বাক্স গুঁড়িয়ে দিতে আসবে”।

এর আগে আরেক জঙ্গি দল আল-কায়দা নির্বাচনের দিন হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে স্থানীয় কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

‘দ্য ইউএসএ টুডে’র প্রতিবেদনে বলা হয়, ‘দ্য মুরতাদ ভোট’ শিরোনামে সাত পাতার ওই ইস্তাহারে আইএস এ হুমকি দিয়েছে।

সেখানে আরও বলা হয়, “ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্রেটিক কোনও দলের রাজনৈতিক কৌশলে কোনো পার্থক্য নেই।”

“নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং গণমাধ্যমের মনযোগ আকর্ষণ করতে নির্বাচনের দিন হামলা চালানো হবে।”ইংরেজিতে লেখা পুরো ইস্তাহারটি নিজের টুইটার পাতায় তুলে দিয়েছেন কাটজ।

ইস্তাহারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কাইন এবং ইরাক যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সেনা সদস্য হুমায়ুন খানের বাবা খিজর খানের ছবি ছাপা হয়েছে।