২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মিরে গোলাগুলিতে ২ ভারতীয়  সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে আরও দুই ভারতীয় সেনা নিহত এবং নারীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 09:11 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার এনডিটিভি’র খবরে বলা হয়, পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণ ঘাট ও পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর কোনও ধরনের উসকানি ছাড়াই গুলি চালায়। জবাবে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানে পোস্টগুলোতে আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

গোলার আঘাতে দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এনডিটিভি’কে বলেন, “রোববার সকালে কৃষ্ণ ঘাট সেক্টরে অনুপ্রবেশকারীদের গুলিতে একজন ভারতীয় সেনা নিহত হয়। এরপর পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে।”

গত দুই সপ্তাহে পাকিস্তানি সেনাদের গুলিতে অন্তত আট ভারতীয় সেনা নিহত হয়েছে। আর গত এক সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলিতে ভারতের আট বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।