দূষণে বন্ধ দিল্লির সব স্কুল
মারাত্মক ধোঁয়াশার কারণে ভারতের রাজধানী দিল্লির সব স্কুল তিনদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যদিও বায়ু দুষণের কারণে শনিবার থেকেই দিল্লির পৌর এলাকার প্রায় ১৮০০ স্কুল বন্ধ রয়েছে।
রোববার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই ঘোষণা দেন এবং অতিরিক্ত বায়ু দুষণের সঙ্গে লড়াইয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
পাঁচ দিনের জন্য নগরীর সবধরনের নির্মাণ এবং ভাঙন কাজও নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, ধূলা-বালি নিয়ন্ত্রণে নগরীর প্রধান সড়কগুলোতে পানি ছিটানোর ব্যবস্থাও করা হবে।
মুখ্যমন্ত্রী এ সময় নগরবাসীদের যথা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করার এবং বাড়িতে থেকে কাজ করা সম্ভব হলে সেভাবেই কাজ করার পরামর্শ দিয়েছেন।
দিল্লির নিকটবর্তী কয়লা ভিত্তিক বদরপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
অতিরিক্ত বায়ু দুষণ রোধে সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার প্রতিবাদে রোববার দিল্লির যন্তরমন্তর স্মৃতিস্তম্ভে কয়েকশ মানুষ মুখে মাস্ক পরে বিক্ষোভ জানায়।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “ভারী কুয়াশা ও ধোঁয়ার কারণে দিল্লিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাত্র ২০০ মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছিল না।”
দিওয়ালি উৎসবের সময় থেকেই দিল্লিতে এ অবস্থা বিরাজ করছে এবং এ সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা কামনা করেছেন কেজরিওয়াল।
