ভারতে আরো দুটি টিভি চ্যানেল সাময়িক বন্ধ রাখার নির্দেশ
এনডিটিভির পর ভারতের আরো দুটি টেলিভিশন চ্যানেলকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার শাস্তি দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অনুষ্ঠান নীতিমালা লঙ্ঘনের কয়েকটি অভিযোগে ৯ নভেম্বর আঞ্চলিক চ্যানেল ‘নিউজ টাইম আসাম’ এর সম্প্রচার বন্ধ থাকবে। পাশাপাশি আপত্তিকর বিষয়বস্তু সম্প্রচারের অভিযোগে ‘কেয়ারওয়াল্ড টিভি’ চ্যানেলকে ৯ নভেম্বর থেকে পরবর্তী সাত দিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়টি।
২ নভেম্বরের তারিখ দেওয়া এক সরকারি আদেশে, নির্যাতিত অপ্রাপ্তবয়স্ক এক গৃহকর্মীর পরিচয় প্রকাশ করায় নিউজ টাইম আসামকে অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে ২০১৩ সালের অক্টোবরে চ্যানেলটিকে একটি কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল বলে ওই আদেশে বলা হয়েছে। চ্যানেলটির বক্তব্য শোনার পর বিষয়টি তদারক করা আন্তঃমন্ত্রণালয় কমিটি (আইএমসি) চ্যানেলটিকে একদিন সম্প্রচার বন্ধ রাখার আদেশ দেয়।
অন্যান্য কয়েকটি চ্যানেলও একই বিষয়বস্তু সম্প্রচার করেছে এবং তাদেরও সতর্ক করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে আদেশটি পুনর্বিবেচনা করে কমিটি। কিন্তু সবকিছু বিবেচনা করে চ্যানেলটির সম্প্রচার একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখে কমিটি।
এই চ্যানেলটিকে মৃতদেহের ছবি সম্প্রচারের দায়েও অভিযুক্ত করা হয়েছে। এছাড়া চ্যানলটি নারীদের জন্য মানহানিকর একটি অনুষ্ঠান সম্প্রচারের পর আদেশ দেওয়া সত্বেও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি বলে জানিয়েছে কমিটি।
ক্যাবল টিভি নেটওয়ার্ক (রেগুলেশন) অ্যাক্টের উদ্ধৃতি দিয়ে আদেশে বলা হয়, “৯ নভেম্বর, ২০১৬-র ০০:০১ ঘন্টা থেকে ১০ নভেম্বর, ২০১৬-র ০০:০১ ঘন্টা পর্যন্ত নিউজ টাইম আসাম টিভি চ্যানেলের সম্প্রচার একদিনের জন্য বন্ধ রাখার আদেশ দিচ্ছে সরকার।”
এর আগে একই ধরনের এক আদেশে জানুয়ারিতে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার কভারেজের জন্য ৯ নভেম্বর, বুধবার এনডিটিভিকে একদিনের জন্য বন্ধ রাখার শাস্তি দিয়েছে কমিটি।
