পাকিস্তানের পাঞ্জাবে অস্বাভাবিক ঘন কুয়াশা, দুর্ঘটনায় নিহত ১৬
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সমভূমি এলাকায় অস্বাভাবিক ঘন কুয়াশার মধ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য ডন।
পাঞ্জাবের রাজধানী লাহোর বুধবার রাত থেকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ঘন ধোঁয়াশায় ছেঁয়ে গেছে। শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত ছিল।
আবহাওয়াজনিত কারণের সঙ্গে উচ্চ মাত্রার বায়ুদুষণ যুক্ত হয়ে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মোটরসাইকেল আরোহীরাসহ লোকজন ঘন ধোঁয়াশার কারণে চোখ, নাক ও গলায় তীব্র জ্বালাপোড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। এ আবহাওয়ায় অ্যাজমা রোগীরা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে নাকে-মুখে মাস্ক ব্যবহার করেও রক্ষা পাওয়া যাচ্ছে না।
পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিশুদের রক্ষার জন্য স্কুলগুলো বন্ধ রাখার কথা বিবেচনা করছে পাঞ্জাব কর্তৃপক্ষ।
মোটরযান কর্তৃপক্ষ জানিয়েছে, তাবলিগ জামাতের সমাবেশে যোগ দেওয়ার জন্য পেশোয়ার থেকে ৩০০ থেকে ৪০০ গাড়ির একটি বহর পাঞ্জাবের দিকে রওয়ানা দেয়। কিন্তু ঘন কুঁয়াশার কারণে দৃশ্যমানতা না থাকায় প্রধান মহাসড়ক ব্যবহার না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
কিন্তু লাহোরের দিকে অগ্রসর হওয়ার পথে সামনে থাকা একটি পিকআপের চালক অন্য পথ ব্যবহার করার নির্দেশনা অগ্রাহ্য করে মহাসড়ক ধরে এগিয়ে যান। কিন্তু পথের একটি স্থানে ঘন কুঁয়াশায় পথ হারিয়ে হঠাৎ ব্রেক কষেন, এরপর পিছনের গাড়িগুলো একটির পর একটি এসে একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
এতে ইজতেমাগামী ১২ ভ্রমণাকারী নিহত ও অপর পাঁচজন আহত হন।
এর আগে ফয়সালাবাদে ঘন কুয়াশার মধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার ছেলে নিহত হন।
শিকারপুরে ঘন কুঁয়াশার মধ্যে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পড়লে দুইজন নিহত ও ১২ জন আহত হন।
এগুলো ছাড়াও প্রদেশটির অন্যান্য স্থানে আরো কয়েকটি সড়ক দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে।
