২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইন রাজ্যের পরিস্থিতির তদন্ত হচ্ছে: সু চি

মিয়ানমারের রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির নেতা অং সান সু চি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

শুক্রবার জাপানের রাজধানী টোকিও তে এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, তার সরকার সমস্যার মূলে যাওয়ার চেষ্টা করছে এবং সমস্ত প্রমাণ জোগাড় ও পর্যবেক্ষণের আগে কোনও পক্ষকেই দোষারোপ করতে চায় না।

তিনি বলেন, “সেখানে আসলে কি ঘটেছে তা আমরা খুঁজে বের করব এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

বৌদ্ধ অধ্যুষিত দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের বসবাস। মানবাধিকার কর্মীরা জানান, বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার জের ধরে দেশটির সেনাবাহিনী রাখাইন রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে।

এ বিষয়ে সুচি বলেন, “পুলিশ ও সরকার এ বিষয়ে কিছুই গোপন করার চেষ্টা করছে না।”

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আদালতের তদন্তে সহায়তার জন্য পাঁচ দিনের সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি।

ছয় মাস আগে নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

কিন্তু সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর নৃশংসতা বন্ধে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় সু চি সরকারকে সমালোচিত হতে হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও ধর্ষণ করছে। এমনকী বৃহস্পতিবার সরকার অনুমতি দেওয়ার আগ পর্যন্ত মানবাধিকার কর্মীদেরও রাখাইন রাজ্যে প্রবেশ করতে দেয়নি সেনাবাহিনী।

গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যর তিনটি পুলিশ পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় পুলিশ নিহত হওয়ার পর সেখানে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

এর আগে ২০১২ সালে বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় শতাধিক মানুষ নিহত হওয়ার পাশপাশি হাজার হাজার মুসলিম রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। যাদের অনেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছে।