জর্দানে তিন মার্কিন প্রশিক্ষককে গুলি করে হত্যা
জর্দানের একটি সামরিক ঘাঁটিতে জর্দানি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন মার্কিন সামরিক প্রশিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার দক্ষিণ জর্দানের প্রিন্স ফয়সাল বিমান ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে বলে জর্দানি সামরিক সূত্রগুলো জানিয়েছে।
বিমান ঘাঁটিটির প্রবেশ পথে মার্কিনিদের বহনকারী গাড়িটি না থামায় সেটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে জর্দানি নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই দুই মার্কিন প্রশিক্ষক নিহত ও অপরজন পরে হাসপাতালে মারা যান। এ সময় জর্দানি সেনাবাহিনীর এক রক্ষীও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
সামরিক সূত্রটি বলেছে, “ঘাঁটিতে প্রবেশের সময় মার্কিন প্রশিক্ষকদের গাড়িটিকে থামার সঙ্কেত দেয় প্রবেশপথের রক্ষীরা। কিন্তু সঙ্কেত অগ্রাহ্য করে তাদের গাড়িটি এগিয়ে যাওয়ার উদ্যোগ নিলে রক্ষীরা গুলি করে। এ সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
“প্রকৃতপক্ষে কী হয়েছিল তা জানতে একটি তদন্ত শুরু করা হয়েছে।”
জর্দানি নিরাপত্তা বাহিনীর অন্য একটি সূত্র জানিয়েছে, বিমান ঘাঁটিটিতে জর্দানি প্রশিক্ষকদের পাশাপাশি বহু মার্কিন প্রশিক্ষক কাজ করছে, সেখানে এ ঘটনায় রাজনৈতিক ইন্ধনের বিষয়টি বাতিল করা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় আরেক জর্দানি সূত্র জানিয়েছে, মার্কিন প্রশিক্ষক ও জর্দান সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে বিরোধের অভিযোগ পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ, এই পরীক্ষা থেকেই ওই গোলাগুলির ঘটনাটি ব্যাখ্যা করার সূত্র পাওয়া যেতে পারে।
তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।
যে ঘাঁটিতে ঘটনাটি ঘটেছে তা জর্দানের ঐতিহ্যবাহী বেদুইন এলাকার কেন্দ্রে অবস্থিত। গত দশকে ওই এলাকায় কট্টরপন্থি সুন্নি মুসলমানদের প্রভাব বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঘটনাটি পর্যালোচনা করে দেখছেন এবং ইচ্ছাকৃত হামলার সম্ভাবনা বাদ দিচ্ছেন না।
তাদের মধ্যে একজন জানিয়েছেন, গাড়িবহরে আরো মার্কিনি ছিলেন যাদের কোনো আঘাত লাগেনি।
শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে তা নির্ধারণে জর্দানের সঙ্গে তারাও কাজ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জর্দানের অপর এক নিরাপত্তা সূত্র বলেছে, “উদ্বেগজনক হল এই ঘটনা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তা আত্মঘাতী হামলা বা ঘাঁটিতে চালানো কোনো সন্ত্রাসী হামলায় চেয়ে অনেক বেশি ক্ষতিকর হবে। কারণ সেক্ষেত্রে এ ঘটনা জর্দানি সামরিক বাহিনীর ভিতরের কারো পরিকল্পনার ফসল।”
