২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কুর্দিসমর্থক দুই নেতা আটকের পর বোমা বিস্ফোরণ

তুরস্কে কুর্দিসমর্থক বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সঙ্গে আটক করা হয়েছে আরও অন্তত নয় এমপিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 06:48 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

এ ঘটনার পরপরই দিয়ারবাকির শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত এবং ১শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, তুর্কি রাষ্ট্রের জন্য লড়াইরত জঙ্গিদের হয়ে প্রপাগাণ্ডার বিস্তৃতি ঘটনোর অভিযোগে এইচডিপি নেতা সেলাহাত্তিন দেমিরতাস এবং ফিজেন ইউকসেকদাগকে আটক করা হয়েছে।

এ ঘটনার পরপরই তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরে একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। ওই স্থানে দলটির কয়েকজন নেতাকে সন্ত্রাসের অভিযোগের তদন্তের জন্য আটকে রাখা হয়েছিল। বিস্ফোরণে ভবনের প্রবেশদ্বার উড়ে যায়। অগ্নিনির্বাপন কর্মীরা ধ্বংসস্তুপে আটকা পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তুরস্কের পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল কুর্দি-পন্থি এইচডিপি’র মুখপাত্র বলেছেন, দলটির দুই নেতাসহ ৯ জন এমপি গ্রেপ্তারের ঘটনায় দেশে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি হয়েছে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের বলেছেন, নির্বাচিত যেসব কর্মকর্তারা সন্ত্রাস উস্কে দেবেন তাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আর দুই নেতা সন্ত্রাস-বিরোধী তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর কারণেই তাদেরকে আটক করা হয়েছে।

তুরস্কে কুর্দিদের স্বাধীনতার জন্য বছরের পর বছর ধরে জঙ্গিদের লড়াই চলে আসছে। গত জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে।

ওই অভ্যুত্থান চেষ্টা পর থেকেই তুরস্কে ব্যাপক দমনাভিযান চলছে। বন্ধ হয়ে গেছে কুর্দি গণমাধ্যম। গ্রেপ্তার হয়েছেন দিয়ারবাকির শহরের মেয়রও। এ দমনাভিযানের মধ্যেই সর্বশেষ কুর্দি-পন্থি পার্টির নেতাসহ এমপিদেরকে আটকের এ ঘটনা ঘটল।