ইন্দোনেশিয়ার জলসীমায় স্পিডবোটডুবিতে নিহত ৫৪
ইন্দোনেশিয়ার একটি দ্বীপের জলসীমায় অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি স্পিডবোট প্রবালপ্রাচীরে ধাক্কা লেগে ডুবে গিয়ে নিহতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্পিডবোটটি ডুবে যায়। বৃহস্পতিবার উদ্ধারকারীরা তল্লাশি অভিযান শুরু করে বলে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহর থেকে স্পিডবোটটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের উদ্দেশে যাচ্ছিল। দ্বীপটি সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত।
স্পিডবোটটিতে ৯৮ জন শ্রমিক এবং তিনজন ক্রু ছিলেন। প্রবল বাতাস ও বড় ঢেউয়ের কারণে এই জলযানটি প্রবালপ্রাচীরে ধাক্কা লেগে ডুবে যায়।
এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর জানা যায়। পরে পুলিশের এক মুখপাত্র নিহতের সংখ্যা ৫৪ বলে জানিয়েছেন। ৪১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৬ জন নিখোঁজ রয়েছে।
