চীনে কয়লাখনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
চীনে একটি কয়লাখনিতে বিস্ফোরণে আটকা পড়া ২০ জনেরও মৃত্যু হয়েছে। এরআগে এই দুর্ঘটনায় ১৩ জন মারা যান। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩৩-এ দাঁড়িয়েছে।
চীনের দ্য পিপল’স ডেইলি সংবাদপত্রের বরাতে বিবিসি জানিয়েছে, জিংসাংগু খনি থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এই বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও সাধারণত ভূগর্ভ হতে উঠে আসা গ্যাসের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
সোমবার সকালে চীনের চংকিং অঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যক্তি মালিকানাধীন জিংসাংগু কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
চীনে খনি দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। যদিও খনি নিরাপত্তা উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে সানডং প্রদেশের একটি জিপসাম খনি ধসে আটকেপড়া চারজন শ্রমিককে ৩৬দিন পর উদ্ধার করা হয়। ওই দুর্ঘটনার পরপরই খনিটির মালিক আত্মহত্যা করেছিলেন।
দুর্ঘটনার পর দুইজন শ্রমিক অক্ষত অবস্থায় খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলের ছোট ছোট খনিগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
চীন বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদন ও ব্যবহারকারী দেশ। জিংসাংগু কয়লাখনিটির বছরে ৬০ হাজার টন কয়লা উত্তোলনের অনুমোদন রয়েছে।
