২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইএস নেতা বাগদাদি মসুলে লুকিয়ে আছেন’

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি ইরাকের মসুল শহরেই লুকিয়ে আছেন। এমনই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কুর্দি কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 08:01 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেইন এক একান্ত সাক্ষাৎকারে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকাকে বলেন, “কয়েকটি সূত্র থেকে তার সরকার তথ্য পেয়েছে যে, বাগদাদি মসুলে আছেন এবং তাকে হত্যা করা সম্ভব হলে আইএস এর গোটা খিলাফত ব্যবস্থা ভেঙে পড়বে।”

মসুলকে আইএস তাদের ইসলামিক খিলাফত ঘোষণা করার কারণে এ শহরের লড়াইয়ে হার জিত জঙ্গি গোষ্ঠীটির জন্য বড় ব্যাপার। এ শহরে লড়াই চলার মাঝেই আইএস কে নতুন একটি খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু বাগদাদির মত কর্তৃত্ব এবং মর্যাদাসম্পন্ন কোনও উত্তরসূরিই তাদের মিলবে না। ২০১৪ সালের জুনে মসুল শহর দখলে নিয়ে খিলাফত প্রতিষ্ঠা করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন বাগদাদি।

কুর্দি কর্মকর্তা ফুয়াদ হুসেইন বলেন, বাগদাদি গত আট কিংবা নয় মাস থেকে আত্মগোপন করে আছেন। মসুল এবং এর পশ্চিমের তাল আফার শহরের কমান্ডারদের ওপর আইএস খিলাফত অনেক বেশি নির্ভরশীল হয়ে আছে।

আইএসের অন্যান্য ঊর্ধ্বতন এবং প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে সিরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা নেতারা ২০১৪ সালের যুদ্ধে উত্তর ইরাক ও সিরিয়ায় আইএসের প্রাথমিক জয়ের পর থেকেই মারা গেছেন।

এখন মসুলে বাগদাদির অবস্থানের কারণে এ শহরের লড়াই আরও দীর্ঘস্থায়ী এবং জটিল হওয়ার আশঙ্কা আছে। কারণ বাগদাদির সমর্থকরা তাকে সুরক্ষিত রাখার চেষ্টায় লড়ছে। হুসেইন বলেন, “তারা হারবে এটি পরিষ্কার। তবে তা হতে কত সময় লাগবে সেটি কোনও বেপার না।”