২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১৩ জনের মৃত‌্যু, আটকা ২০

চীনে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ১৩ জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:20 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ‌্য জানিয়েছে।

বিবিসি বলছে, সোমবার সকালে চংকিং অঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিংসাংগুর ব‌্যক্তি মালিকানাধীন একটি কয়লাখনিতে  গ‌্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

খনি বিস্ফোরণে আটকাপড়া ২০ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা অব‌্যাহত রয়েছে।

চীনে খনি দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। যদিও খনি নিরাপত্তা উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে সানডং প্রদেশের একটি জিপসাম খনি ধসে আটকেপড়া চারজন শ্রমিককে ৩৬দিন পর উদ্ধার করা হয়। ওই দুর্ঘটনার পরপরই খনিটির মালিক আত্মহত‌্যা করেছিলেন।

চংকিং-এর ডেপুটি মেয়র মা হুয়াপিং জিংসাংগুর খনি দুর্ঘটনা সম্পর্কে বলেন, “আমরা এখনো নিখোঁজ ২০ শ্রমিকের খোঁজে সব ধরনের উপায়ে তল্লাশি চালিয়ে যাচ্ছি। যতদিন আশা থাকবে ততদিনই আমরা চেষ্টা চালিয়ে যাবো।”

দুর্ঘটনার পর দুইজন শ্রমিক অক্ষত অবস্থায় খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলের ছোট ছোট খনিগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

চীন বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদন ও ব‌্যবহারকারী দেশ। জিংসাংগুর কয়লাখনিটির বছরে ৬০ হাজার টন কয়লা উত্তোলনের অনুমোদন রয়েছে।