সার্বিয়ায় অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলায় সরিয়ে নেওয়া হল প্রধানমন্ত্রীকে
গোপন একটি অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়ার পর সর্বিয়ার প্রধানমন্ত্রী আলেকসান্দার ভুচিচ ও তার পরিবারকে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার ভুচিচের পিতামাতার বাড়ির কাছে ওই অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়, যে বাড়িটিতে প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিনই যান।
পুলিশ জানিয়েছে, খোঁজ পাওয়া অস্ত্র ভাণ্ডারটি থেকে রকেট চালিত গ্রেনেড, হাতবোমা, রাইফেল ও গুলি পাওয়া গেছে।
এক সংবাদ সম্মেলনে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্তেফানোভিচ জানিয়েছেন, ভুচিচের পৈত্রিক বাড়ির কাছে জাজিনচি আবাসিক এলাকার রাস্তার পাশের একটি জঙ্গল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পৈত্রিক বাড়িতে যাওয়ার সময় ভূচিচের গাড়িবহর রাস্তার ওই মোড়ে সাধারণত গতি কমিয়ে থাকে বলে জানিয়েছেন তিনি।
ভূচিচের মা আঞ্জেলিনা ও বাবা অ্যান্ডজেলকো জাজিনচির বাড়িটিতে বসবাস করেন। ভুচিচ তার নিজের পরিবারসহ বেলগ্রেডের কেন্দ্রস্থলে বসবাস করেন।
কিন্তু অস্ত্র খুঁজে পাওয়ার পর পরিবারসহ ভুচিচকে তার বাড়ি থেকে অপর একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্তেফানোভিচ।
পুলিশ জানিয়েছে, একটি সতর্ক বার্তার সূত্র ধরে অস্ত্রগুলো খুঁজে পায় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্রগুলো পরস্পরের বিরুদ্ধে পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করে আসছে, এর পাশাপাশি ইউরোপের অভিবাসী সঙ্কট নিয়েও ওই এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে আছে।
এছাড়া সম্প্রতি রাজধানী বেলগ্রেডের অপরাধী গোষ্ঠীগুলো বেশ কয়েকটি মাফিয়া ধরনের গুপ্তহত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছে।
২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী জারান জিনজিচকে হত্যার পর থেকে সার্বিয়ার প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
