ইয়েমেনে কারাগারে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হুদেইদাহর আল জায়িদিয়ায় একটি নিরাপত্তা দপ্তরে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন এক আঞ্চলিক কর্মকর্তা। নিহতদের মধ্যে অধিকাংশই কয়েদী।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দপ্তরের একটি ভবন কারাগার হিসেবে ব্যবহৃত হত এবং হামলার সময় সেখানে ৮৪ জন কয়েদী ছিল।
হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হুদেইদাহ প্রদেশের ডেপুটি গভর্নর হাশেম আল-আজিজ রয়টার্সকে বলেন, শনিবার রাতে সেখানে তিনবার বিমান হামলা চালানো হয়। এর মধ্যে একটি বোমা সরাসরি কারাগার ভবনের উপর গিয়ে পড়ে।
হামলার সময় সেখানে শুধু কারারক্ষী ও কারাবন্দিরা ছিল বলে জানান তিনি।
রয়টার্স জানায়, হামলায় কারাগার ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুত থেকে অন্তত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে।
এ বিষয়ে সৌদি জোটের মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।
২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীরা দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বর্তমানে ইয়েমেনের অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণ।
দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। তার সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর জোট বাহিনী ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলা চালাচ্ছে।
এসব বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহত হওয়ায় সমালোচনার মুখে পড়েছে সৌদি জোট। চলতি মাসের প্রথমদিকে ইয়েমেনের রাজধানী সানায় জানাযার নামাজ চলাকালীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪০ জন বেসামরিক মানুষ নিহত হন।
বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে এ হামলার জন্য ‘ভুল গোয়েন্দা তথ্যকে’ দায়ি করে সৌদি জোট।
এরমধ্যে জাতিসংঘের শান্তিদূত ইসমাইল ঔলদ শেখ আহমেদের দেওয়া নতুন একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট হাদি।
এই প্রস্তাবে শান্তির জন্য একটি ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হলেও তা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে এতে ইয়েমেনের ভবিষ্যৎ সরকারে হুতি বিদ্রোহীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ থেকে হাদি বলেছেন, “প্রস্তাবে অভ্যুত্থানের নেতাদের পুরস্কৃত করা হয়েছে এবং ইয়েমেনি জনগণকে শাস্তি দেওয়া হয়েছে।”
ইয়েমেনের প্রধান প্রধান শহরগুলো থেকে হুতিদের নিয়ন্ত্রণ প্রত্যাহার করার বিনিময়ে প্রস্তাবে প্রেসিডেন্টের কিছু ক্ষমতাও হ্রাস করা হয়েছে বলে জানা গেছে।
