যুক্তরাষ্ট্রের হোটেলে পুতিনের সাবেক সহযোগীর মৃত্যু ‘দুর্ঘটনা’
প্রায় একবছর আগে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক এক সহযোগীর লাশ পাওয়া গিয়েছিল। ওই মৃত্যু ‘দুর্ঘটনা’ ছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মৃত্যুবরণকারী ওই ব্যক্তি মিখাইল লেসিন। তিনি ছিলেন রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী। গণমাধ্যম সংস্থা গ্যাজপ্রম-মিডিয়া হাউজেরও সাবেক প্রধান ছিলেন তিনি।
বিবিসি বলছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে লেসিনের মৃত্যুর ঘটনাটি ছিল ‘দুর্ঘটনা’।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আইন কর্মকর্তা জানিয়েছেন, “উচ্চমাত্রার ইথানল” গ্রহণের কারণে মিখাইল লেসিন গেল বছরের ৫ নভেম্বর মারা যান।
৫৭ বছর বয়সী লেসিনকে দুপন্টে সার্কেল হোলেটে একাকী মৃত অবস্থায় পাওয়া যায়।
তার মাথা, ঘাড়, ধড় এবং পায়ের অংশে জখম ছিল। তবে লেসিনের পরিবার জানিয়েছিল, হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে।
স্ত্রী ছাড়াও এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন লেসিন।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পুলিশ সাবেক রুশ মন্ত্রীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছিল।
রাশিয়ার গণমাধ্যম জগত ও ক্ষমতাবলয়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত লেসিন মন্ত্রী থাকার পাশাপাশি ২০০৪-২০০৯ পর্যন্ত পুতিনের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন।
এসময় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাশিয়ায় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া টুডে (আরটি)’র সৃষ্টি হয়।
মৃত্যুর খবর শুনেই এক বিবৃতিতে পুতিন ‘আধুনিক রুশ গণমাধ্যম সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য’ লেসিনের প্রশংসা করেছিলেন।
গ্যাজপ্রম-মিডিয়া হাউজ থেকে পদত্যাগের পর লেসিন ২০১৪ সালের শেষদিকে লস এঞ্জেলসে বাড়ি কেনেন।
‘রুশ সরকারি চাকুরে হয়েও তিনি কী করে ২৮ মিলিয়ন ডলারে বাড়ি ও সম্পত্তি কেনেন’ তা তদন্ত করতে তখনই মিসিসিপির সিনেটর রজার উইকার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
