‘লিবীয় উপকূলরক্ষীদের হামলায় চার শরণার্থী নিহত’
‘লিবিয়ান কোস্ট গার্ড’ লেখা একটি স্পিডবোটের আঘাতে একটি নৌকায় থাকা আশ্রয়প্রত্যাশীদের মধ্যে অন্ততপক্ষে চারজন নিহত হয়েছেন।
বিবিসি বলছে, শরণার্থী উদ্ধার বিষয়ক একটি সংস্থা ‘সি ওয়াচ’ এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, স্পিডবোটে আসা ব্যক্তিরা নৌকাটিতে উঠে শরণার্থীদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে নৌকাটিতে থাকা আশ্রয়প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সি ওয়াচ বলছে, নৌকাটিতে থাকা প্রায় ১৫০ জন শরণার্থীরে মধ্যে অন্ততপক্ষে চারজন সমুদ্রে পড়ে ডুবে মারা যান।
ত্রিপোলি থেকে লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি শোনেননি।
ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা স্পষ্ট না হলেও সি ওয়াচের মুখপাত্র রুবেন নিউগেবাউয়ের বলেন, নৌকাটির ইঞ্চিন চুরির চেষ্টা করেছিল হামলাকারীরা।
নিউগেবাউয়ের আরো জানান, ২৫ জন শরণার্থী এখনো নিখোঁজ রয়েছেন।
জার্মানিভিত্তিক সংস্থা সি ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, “লিবীয় উপকূলরক্ষীদের সহিংস হামলায় নৌকাটির যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায় এবং রাবারের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়।”
বিবৃতিতে আরো বলা হয়, “রাবারের নৌকাটির একটি টিউব নষ্ট হয়ে যায়। ফলে ১৫০ জন যাত্রীর অধিকাংশই পিছলে সমুদ্রের পানিতে পড়ে যায়।”
সি ওয়াচের জাহাজ ১২০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে চারজন এখনো অচেতন অবস্থায় রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
