২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় হিটলারের বাড়িটি ‘ভেঙে ফেলা হবে’

অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরের যে বাড়িতে এডলফ হিটলারের জন্ম সেটি ভেঙে গুঁড়িয়ে দেবে কর্তৃপক্ষ। নব্য নাৎসিরা যাতে এ বাড়িকে তীর্থস্থানে পরিণত করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 11:23 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

বাড়িটি কি করা হবে তা নিয়ে বহুদিন ধরেই বিপাকে ছিল সেখানকার কর্তৃপক্ষ। বাড়িটি ভেঙে ফেলা হবে নাকি অন্য কাজে ব্যবহার করা হবে তা নিয়ে ছিল বিতর্ক।

রাশিয়ার একজন এমপি বাড়িটি কিনে নিয়ে তা ধ্বংস করে ফেলার প্রস্তাব দিলেও বাড়ির মালিক বাড়িটি বিক্রি করতে রাজি না হওয়ায় আরও জটিল পরিস্থিতি সৃষ্টি হয়।

তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং সবতকা বলেছেন, বিশেষজ্ঞদের একটি কমিটি এখন বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রিয়ান পত্রিকা ‘দিয়ে প্রেসে’ এমন খবরই দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পুরোনো ওই বাড়ির জায়গায় তৈরি করা হবে একটি নতুন বাড়ি এবং বাড়িটি প্রশাসনিক কিংবা দাতব্য কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে পত্রিকাটি।

অস্ট্রিয়ান পত্রিকা দিয়ে প্রেসে কে ওলফগ্যাং সবতকা বলেন, “হিটলারের বাড়িটি ভেঙে ফেলা হবে। বাড়ির ভিত থাকতে পারে। তবে একটি নতুন বাড়ি তোলা হবে। সেটি ব্যবহার করতে কোনও দাতব্য সংগঠন কিংবা স্থানীয় কর্তৃপক্ষ।”

ব্রাউনাউ শহরের এই বাড়িটি বহু বছর ধরেই এর মালিক এবং সরকারের মধ্যে আইনি দরকষাকষির বিষয় হয়ে আছে।অস্ট্রিয়া সরকার ১৯৭২ সাল থেকে বাড়িটির ভাড়া দিয়ে আসছে। সম্প্রতি বাড়িটির ভাড়া দাঁড়িয়েছে প্রতি মাসে প্রায় ৪ হাজার ৮শ’ পাউন্ড।

কিন্তু বাড়ির মালিক বরাবরই তিনতলা এ বাড়িটি সরকারের কাছে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

তবে অস্ট্রিয়ার পার্লামেন্ট খুব শিগগিরই মালিকের কাছ থেকে বাড়িটি দখলের জন্য একটি নতুন আইন পাশের চেষ্টা করছে।