মার্কিন সাংবাদিক গুডম্যানের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ
যুক্তরাষ্ট্রের সাংবাদিক অ্যামি গুডম্যনের বিরুদ্ধে ‘দাঙ্গায়’ অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানায়, নর্থ ডাকোটায় একটি তেল পাইপলাইন প্রজেক্টের বিরুদ্ধে আদিবাসী আমেরিকানদের বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের দমনাভিযানের চিত্র ক্যামেরায় ধারণ করার জন্য গুডম্যানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
সোমবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গুডম্যান।
‘দ্য ডেমক্রেসি নাউ!’ শিরোনামের ওই চিত্রে গত ৩ সেপ্টেম্বরে বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের দমনপীড়নের চিত্র উঠে আসে।
এ বিষয়ে গুডম্যান বলেন, “আমি সেখানে অনুপ্রবেশকারী ছিলাম না। আমি কোনও দাঙ্গায় অংশ নেইনি। আদিবাসী আমেরিকানদের বিক্ষোভে নৃশংস হামলার চিত্র ধারণ করে আমি একজন সাংবাদিক হিসেবে আমার কাজ করছিলাম।”
এ মাসের শুরুতে নর্থ ডাকোটার তেল পাইপলাইন প্রজেক্টের একটি নির্মাণ সাইট থেকে বিক্ষোভের খবর ফেইসবুকে প্রচার করার সময় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী শাইলিন উডলিকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ‘দ্য ডাইভারজেন্ট’ তারকার ওই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যে ২৪ লাখের বেশি বার দেখা হয়।
‘দ্য ডাকোটা অ্যাসেস ওয়েল পাইপলাইন প্রজেক্টের ১১৬৮ মাইল দীর্ঘ পাইপলাইন আইওয়া, ইলিনয়, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটার ভেতর দিয়ে যাবে।
নর্থ ডাকোটার আদিবাসী আমেরিকানরা তাদের রাজ্য দিয়ে পাইপলাইন নির্মাণে শুরু থেকেই বাধা দিয়ে আসছে। তাদের অভিযোগ এর ফলে তাদের ‘পবিত্র ভূমি কলুষিত হবে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত’ হবে।
