২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পো বিমান হামলা: একই পরিবারের ১৪ জন নিহত

সিরিয়ার আলেপ্পো নগরীর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বিমান হামলায় একই পরিবারের ১৪ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Oct 2016, 08:10 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনে রুশ বিমান থেকে সোমবার আল-মাজাহ শহরে এ হামলা চালানো হয়।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থা সিভিল ডিফেন্সের কর্মীরা ‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত।

সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রকাশিত নিহতদের তালিকায় বেশ কয়েকটি শিশুও রয়েছে। নিহত শিশুদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সী দুইটি এবং আট বছরের কম বয়সী আরও ছয়টি শিশু রয়েছে।

২২ সেপ্টেম্বর সিরিয়ায় যুদ্ধবিরতি বাতিল হওয়ার পর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অভিযানের ঘোষণা দেয় সিরিয়া সরকার। তারপর থেকে ওই অঞ্চলগুলোতে সিরীয় ও রুশ বিমান থেকে ব্যাপক বিমান হামলা শুরু হয়।

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর তথ্য মতে, গত মাসে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা শুরুর পর এখন পর্যন্ত ৪৪৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৮২জন শিশু।

যদিও সিরীয় ও রুশ বাহিনীর দাবি, জঙ্গিরা তাদের হামলার একমাত্র লক্ষ্যবস্তু।