২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সেতু ভেঙে নিহত ৯

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে ছোট দুইটি দ্বীপের সংযোগকারী সেতু ভেঙে নয় জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Oct 2016, 10:41 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার  দিকে সেতুটি ভেঙে পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আরেন্দ্রা ওয়াহয়ুদি বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ওই সময় প্রচুর মানুষ সেতুটি পার হচ্ছিল।

“সেতুটি ভেঙে পড়ার সময় কয়েকটি মোটরসাইকেলও পানিতে পড়ে যায়। সেতুর নীচে সমুদ্রের পানির গভীরতা দুই মিটারের কম হলেও সেতুর ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে কয়েকজন হতাহত হয়।”

হতাহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলেও জানান তিনি।

রাত নয়টা পর্যন্ত ঘটনা স্থলে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে বলে জানান ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।

সোমবার আবারও সেখানে উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান সংস্থাটির একজন মুখপাত্র।