২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন: যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ লক্ষ‌্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ফের ব‌্যর্থ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Oct 2016, 11:17 AM

Updated : 12 Apr 2022, 03:05 AM

শনিবার লোহিত সাগর দিয়ে গমনরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ম‌্যাসনে এক সপ্তাহের মধ‌্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

প্রাথমিক তথ‌্যের বরাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জ‌াতিক জলসীমা দিয়ে এগিয়ে যাওয়ার সময় ইউএসএস ম‌্যাসন লক্ষ‌্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ‌্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। 

নিজেকে রক্ষার জন‌্য জাহাজে থাকা প্রতিরক্ষা-ব‌্যবস্থা ব‌্যবহার করে ম‌্যাসন, এতে জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পায় বলে জানিয়েছেন তিনি।

এর আগে ম‌্যাসনকে লক্ষ‌্য করে চালানো দুটি ব‌্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে বৃহস্পতিবার হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উপকূলীয় এলাকার তিনটি রাডার স্থাপনায় ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তাই সর্বশেষ ব‌্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার জবাবেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিশোধমূলক ব‌্যবস্থা গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌ-অভিযান বিষয়ক প্রধান অ‌্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, “লোহিত সাগরে ম‌্যাসন ফের হামলার মুখে পড়েছে বলে দেখা যাচ্ছে, ইয়েমেনের উপকূল থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা বলেছেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের সবগুলো জাহাজ এবং ক্রু-রা নিরাপদ ও অক্ষত আছেন।”  

বৃহস্পতিবার হুতিদের রাডার ব‌্যবস্থা লক্ষ‌্য করে চালানো যুক্তরাষ্ট্রের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতি নিয়ে এ হামলা চালানো হয়।

এতে ইয়েমেনের যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পেন্টগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা ইয়েমেনের গৃহযুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ‌্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করেছে হুতি আন্দোলনকারীরা; তবে সতর্ক করে বলেছে, আক্রান্ত হলে নিজেদের রক্ষা করতে পারবে তারা।