২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বারানসিতে পদদলিত হয়ে নিহত ২৪

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 05:01 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

শনিবার বারানসি শহরের ঐতিহাসিক রাজঘাট সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

ধর্মীয় নেতা জয় গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে গঙ্গার নদীর ওই সেতুটির কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল গুরুদেবের ভক্তরা। অনুষ্ঠানে শত শত ভক্ত এসে জড়ো হওয়ার এক পর্যায়ে পদদলনের ঘটনা ঘটে।  

কর্মকর্তারা জানিয়েছেন, যে পরিমাণ লোক আসার কথা ছিল, তা ছাপিয়ে কয়েজ হাজার মানুষ সরু রাস্তা ধরে ঠেলাঠেলি করে এগোতে থাকার সময় এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের প্রধান জাভেদ আহমেদ এনডিটিভিকে বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে এক ব্যক্তি দম বন্ধ হয়ে মারা গেলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ওই সময় সেতু ভেঙ্গে পড়ার ‘গুজব’ ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে।

“আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে পড়ে থাকা জুতা, কাপড় ও বিভিন্ন জিনিসের মধ্যে নিহত ও আহতদের পড়ে থাকতে দেখা যায়।

উদ্ধারকর্মীরা হতাহতদের সরিয়ে নিচ্ছেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে।

এ ঘটনায় বারনসি থেকে নির্বাচিত পার্লামেন্টে সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। ব্রিকসের সম্মেলন উপলক্ষ্যে তিনি এখন গোয়ায় আছেন।