২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার দায়িত্ব হস্তান্তর

ভারতে হাসপাতালে চিকিৎসাধীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতা উপ-মুখ্যমন্ত্রী ওপি পান্নিরসেলভামের কাছে যাবতীয় প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 08:25 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

এক বিবৃতিতে তামিল নাড়ুর গভর্নর বিদ্যাসাগর রাও বলেন, “সম্পূর্ণরূপে জয়াললিতার ইচ্ছাতেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।”

“যদিও দায়িত্ব হস্তান্তর হলেও জয়াললিতাই মুখ্যমন্ত্রী থাকবেন।”

বুধবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জয়াললিতা। তার শারীরিক অবস্থার প্রকৃত খবর নিয়ে লুকোচুরি হচ্ছে।

পান্নিরসেলভামের কাছে সব দায়িত্ব হস্তান্তরের ঘোষণা জয়ললিতার সমর্থকদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।

জয়ললিতার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ‘গুজব ছড়ানোর’ অভিযোগে মঙ্গলবার প্রাদেশিক রাজধানী চেন্নাই থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জয়ললিতার দল এআইএডিএমকে-র একজন মুখপাত্র বিবিসি’কে বলেন, দলের ভেতর সব ধরনের সিদ্ধান্তই নেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা আমাদের নেত্রী জয়ললিতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যে কারণে তিনি পান্নিরসেলভামের কাছে সব দায়িত্ব হস্তান্তর করেছেন। তিনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ।”

এর আগে পান্নিরসেলভাম আরও দুই বার তামিল নাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

২০০১ সালে ভারতের সুপ্রিম কোর্ট জয়ললিতাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে বাধা দিলে একবছর পান্নিরসেলভাম ওই দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে জয়াললিতা দোষী সাব্যস্ত হলে আবারও তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হন পান্নিরসেলভাম।

২০১৫ সালের মে মাসে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাকে সব অভিযোগ থেকে খালাস দিলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান পান্নিরসেলভাম।