জরিপে আরও পিছিয়ে পড়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে সম্ভাব্য ভোটারদের ওপর রয়টার্স/ই্পসোস পরিচালিত নতুন জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে আরও পিছিয়ে পড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারির চেয়ে এখন ৮ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রাম্প।
নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্যই নন- প্রতি পাঁচজনে একজন রিপাবলিকানের এখন এমনটিই মত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মতামত জরিপগুলোতে ডেমক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের থেকে ট্রাম্পের ক্রমাগত পিছিয়ে পড়া রিপাবলিকান ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তায় ভাটা পড়ার ইঙ্গিতই দিচ্ছে।
গত শুক্রবার নারীদের অবমাননা করা ট্রাম্পের ভিডিওটেপটি প্রকাশ পায়। এর দুইদিন পর রোববার রাতে দ্বিতীয় প্রেসিডেন্টশিয়াল বিতর্কে এক দশক আগে নারীদের নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা প্রর্থনা করে ট্রাম্প বলেন, সেগুলো ছিল ‘বন্ধ কক্ষের’ ঠাট্টা।
রোববারের বিতর্কের পর রয়টার্স/ইপসোস যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশের সবগুলোতে জরিপ চালায়।
মঙ্গলবার জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের থেকে হিলারির ব্যবধান বেড়েছে।
গত সপ্তাহে তিনি ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিলেন, এবার ব্যবধান বেড়ে ৮ পয়েন্ট হয়েছে।
সর্বশেষ জরিপে বড় দুইটি দল থেকে প্রেসিডেন্ট হিসেবে একজনকে বেছে নিতে বলা হলে ৪৫ শতাংশ ভোটার হিলারিকে এবং ৩৭ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। ১৮ শতাংশ ভোটার এই দুইজনের কাউকে পছন্দ করেন না বলে মত দেন।
গত শুক্রবারের পর রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন।
রয়টার্স/ইপসোসের মতামত জরিপে মোট ২৩৮৬ জন অংশ নিয়েছে, যাদের মধ্যে ১৮৩৯ জন হিলারি-ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান টেলিভিশনে দেখেছে।
