জার্মানিতে সিরীয় ‘বীরদের’ পুরষ্কৃত করার আহ্বান
জার্মানির লাইপজিগ শহরে যে তিন সিরীয় শরণার্থীর উদ্যোগে বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে জাবের আল বকরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে সেই তিন ‘বীর’ কে পুরস্কৃত করার জন্য জোর আওয়াজ উঠেছে।
লাইপজিগের ওই তিন শরণার্থীর বীরোচিত পদক্ষেপের জন্য তাদেরকে পুরস্কার দেওয়ার আহ্বান জানাচ্ছেন রাজনীতিবিদরাসহ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমও।
গ্রেপ্তার হওয়া সিরীয় ২২ বছর বয়সী জাবের আল বকর বোমা তৈরি করছিলেন এবং বার্লিনের একটি বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা পুলিশের।
এই তরুণ গতবছর শরণার্থীর স্রোতের সঙ্গে জার্মানিতে প্রবেশ করেন এবং আইএসের সঙ্গে তার যোগাযোগ আছে বলে জানানো হয় গণমাধ্যমের খবরে৷
শনিবার জার্মানির পূর্বাঞ্চলীয় এক শহরের একটি অ্যাপার্টমেন্ট পুলিশের অভিযানকালে জাবের আল বকর পালিয়ে যান। তারপরই বকরকে ধরার অভিযানে নেমে পরে লাইপজিগ শহর থেকে পুলিশ তাকে আটক করে।
লাইপজিগের একটি অ্যাপার্টমেন্টে অন্য সিরীয় শরণার্থীরা বকরকে ধরে রেখেছে এমন তথ্য পাওয়ার পর সেখানে গিয়ে তাকে আটক করা হয়। তিন সিরীয়র উদ্যোগেই এটি সম্ভব হয়। বকর এদের কাছে রাতে থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
পরে ফেইসবুকে একটি পোস্ট পড়ে ওই তিন সিরীয় জানতে পারেন, তারা যে সিরীয়টিকে রাতে বাসায় থাকতে দিয়েছেন, সে একজন ফেরারি, তার নাম আল-বকর এবং পুলিশ তাকে খুঁজছে। এরপরই তিনজন মিলে বকরকে বেঁধে ফেলে পুলিশকে খবর দেয়৷
জার্মানিতে অবস্থানকারী সিরীয়দের চোখে তারা এখন ‘হিরো’৷ আল-বকর গ্রেপ্তারের খবরে ‘জার্মানির সিরীয় সম্প্রদায়' তাদের ফেইসবুক পোস্টে লেখে, “মাথা ঠাণ্ডা রেখে সন্ত্রাসী আল-বকরকে ধরে ফলার জন্য আমরা সিরীয়দের স্বাগত জানাই৷”
‘লাইপজিগের সিরীয় বীরেরা’
জার্মানির বহুল বিক্রিত দৈনিক বিল্ড পত্রিকা তিন সিরীয় কে 'লাইপজিগের সিরীয় বীর' আখ্যা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দেশটির বহু রাজনীতিবিদই তিনজনকে জার্মানির অন্যতম সেরা নাগরিক সম্মাননা পুরস্কার ‘ফেডারেল ক্রস অব মেরিট’ দেওয়ার সুপারিশ করেছেন।
ওদিকে, স্বরাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান আরও একধাপ এগিয়ে গিয়ে তিন সিরীয়কে জার্মানিতে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বছর প্রথম নয়মাসে জার্মানিতে আশ্রয়লাভের আশায় প্রবেশ করেছে ২ লাখেরও বেশি শরণার্থী। এর আগে গতবছর দেশটিতে প্রবেশ করে ৮ লাখ ৯০ হাজার শরণার্থী।
