মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতায় নিহত ১২
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাদের সঙ্গে অস্ত্রধারীদের সহিংসতায় ১২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
মঙ্গলবার মংডু শহরের কাছে পায়ুংপিট গ্রামে শত শত মানুষ পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে সৈন্যদের ওপর হামলা চালালে ৪ সেনা নিহত এবং একজন হামলাকারী নিহত হয়।
এনডিটিভি জানিয়েছে, কাছের তাউং পায়িং নায়ার গ্রামে লড়াইয়ের পর আরও ৭ জনের মৃত্যুর খবর জানায় সেনারা। ঘটনার পর সেনারা ওই এলাকায় সাতটি মৃতদেহও পায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রাখাইন প্রদেশে গত কয়েকদিন ধরেই সংঘাত চলছে।
নিরাপত্তা বাহিনীর ওপর সমন্বিত হামলার জন্য সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের দায়ী করছে মিয়ানমার সরকার।
রাখাইন রাজ্যে এ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা সব পক্ষকে সংযত থাকার আহবান জানিয়েছে।
২০১২ সালে রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতায় ১শ’র বেশি মানুষ নিহত হয়।
রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করেনা সে দেশের সরকার। মিয়ানমারের বৌদ্ধরা মনে করে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে সেখানে গেছে।
