২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি সাংবাদিককে দেশত্যাগে বাধা

পাকিস্তানের এক শীর্ষ সাংবাদিককে দেশত্যাগে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনীর মধ্যে বিরোধের খবর প্রকাশের পর দেশত্যাগে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক সাইরিল আলমেইদা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 10:15 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

টুইটারে আলমেইদা লেখেন, তার নাম ‘বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায়’ রয়েছে।

সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় যাদের নাম বহির্গমণ নিয়ন্ত্রণ তালিকায় থাকে তাদের দেশত্যাগ করতে দেওয়া হয় না।

পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক দ্য ডনের সাংবাদিক আলমেইদা তার একটি প্রতিবেদনে লেখেন, পাকিস্তান সরকার দেশটিতে বাড়তে থাকা জঙ্গি নিয়ন্ত্রণ করতে না পারলে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়ে সেনা প্র্রধানদেরকে কড়া ভাষায় সতর্ক করেছেন।

পাকিস্তান সরকার আলমেইদার ওই প্রতিবেদন ‘মিথ্যা সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেসামরিক সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক বরাবরই বৈরী। যে কারণে ১৯৪৭ সালে স্বাধীনতার পর দেশটিতে তিনবার সামরিক অভ্যূত্থান হয়েছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিণ কাশ্মিরে একটি সেনা ঘাঁটিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়।

ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা ওই হামলা চালিয়েছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে দেশটির জঙ্গিদের সমর্থন দিয়ে আসছে।

যদিও পাকিস্তান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করেছে।

৬ অক্টোবর দৈনিক ডনে আলমেইদার একটি প্রতিবেদন প্রকাশ পায়। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে আলমেইদা তার প্রতিবেদন লেখেন। ওই ব্যক্তিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও আইএসআই গোয়েন্দা সংস্থার মহাপরিচালক রিজওয়ান আখতারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীসহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সরকারের অন্যান্য সদস্যরা সুনির্দিষ্ট কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে আইএসআই এর সম্পর্কের কারণে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ব্যবস্থা গ্রহণের অপ্রতুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডন কর্তৃপক্ষ আলমেইদার পক্ষ নিয়েছে এবং বলেছে, কোনও প্রতিবেদন ছাপানোর আগে তারা বরাবরই তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে নেয়।

তাদের অভিযোগ, ‘পাকিস্তান সরকার দেশটির সবচেয়ে প্রভাবশালী পত্রিকাকে বলির পাঁঠা বানাতে চাইছে’।

মঙ্গলবার ছুটি কাটাতে দুবাই যাওয়ার কথা ছিল আলমেইদার। কিন্তু সোমবার সন্ধ্যায় তাকে বিমানে উঠতে না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

টুইটারে তিনি লেখেন, “তালিকায় আমার নাম আছে। আমি সেটি দেখেছি এবং আমাকে বিমানবন্দরে যেতে নিষেধ করা হয়েছে।”

পরে তিনি লেখেন, “দ্বিধাগ্রস্ত, দুঃখিত। আমার অন্য কোথাও চলে যাওয়ার কোনও অভিপ্রায় ছিল না। এটি আমার বাড়ি। পাকিস্তান।”