২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে বিরোধে পুতিনের ফ্রান্স সফর বাতিল

সিরিয়া নিয়ে বিরোধের জেরে ফ্রান্স সফর বাতিল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

বিবিসি’র খবরে বলা হয়, অক্টোবরের শেষ দিকে পুতিনের ফ্রান্স সফরে গিয়ে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।

কিন্তু ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় সূত্র জানায়, আলোচনা সিরিয়া ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে, ফ্রান্স সরকার একথা জানানোর পর পুতিন সফর স্থগিত করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট অলন্দ এর আগে সোমবার বলেছিলেন, সিরিয়ার আলেপ্পোয় বোমা হামলার জন্য রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়তে পারে।

তিনি বলেন, “এই সব লোক আজ যুদ্ধাপরাধের শিকার হচ্ছে। যারা এ কাজ করছে তাদেরকে অবশ্যই নিজেদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি হতে হবে।”

আলেপ্পো নিয়ে দুপক্ষের রেষারেষির কারণেই ফ্রান্সে পুতিনের সফর নিয়ে সংশয় সৃষ্টি হয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়াকে বলা হয়েছিল, অলন্দ ১৯ অক্টেবরে পুতিনের ফ্রান্স সফরকালে তার সঙ্গে একটি বিষয় নিয়েই বৈঠক করবেন। আর তা হচ্ছে সিরিয়া।

কিন্তু এর পরপরই রাশিয়া ওই সফর পিছিয়ে দেওয়ার কথা জানায়। পরে পুতিনের এক মুখপাত্র সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

সফর বাতিলের ঘোষণা দিয়ে পুতিনের মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট অলন্দের জন্য যখন সফরটি স্বস্তিদায়ক হবে’ তখনই কেবল ফ্রান্স সফরে যাবেন প্রেসিডেন্ট পুতিন।

পাঁচ বছরের বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধ করছে রুশ বাহিনী।

বিভিন্ন আন্তর্জাতিক ও মানবাধিকার সংগঠনের দাবি, বিদ্রোহীদের দমনের নামে রুশ বিমান থেকে অনেক বেসামরিক নাগরিক এবং দাতব্য হাসপাতালের উপর বোমাবর্ষণ করা হচ্ছে।

যদিও মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

আলেপ্পোয় বোমা হামলা বন্ধে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উপস্থাপন করেছিল ফ্রান্স। রাশিয়া ওই প্রস্তাবের বিরোধিতা করে।