২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে আধাসামরিক বাহিনীর গাড়িতে গ্রেনেড হামলা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শোপিয়ানে আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে ‘সন্ত্রাসীদের’ গ্রেনেড হামলায় বাহিনীটির এক সদস্যসহ সাত বেসামরিক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 03:13 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, শোপিয়ান শহরে ওই গাড়িবহর লক্ষ করে একটি গ্রেনেড নিক্ষেপ করে ‘সন্ত্রাসীরা’।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিক্ষিপ্ত গ্রেনেডটি লক্ষ্যচ্যুত হয়ে সড়কে পড়ে বিস্ফোরিত হয়। আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তারা।  

কাশ্মিরের পাম্পোরে সরকারি একটি ইনস্টিটিউটে অবস্থান নেওয়া ‘সন্ত্রাসীদের’ সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলমান থাকাকালেই গ্রেনেড হামলার এ ঘটনা ঘটল।

পাম্পোরে সোমবার সকালে শুরু হওয়া গোলাগুলি মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। ‘সন্ত্রাসীদের’ অবস্থান নেওয়া ভবনটি ‘বাঙ্কারের মতো সুরক্ষিত’ আশ্রয়স্থল হয়ে ওঠায় অভিযানে এত সময় ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

দক্ষিণ কাশ্মির ও শোপিয়ানে ‘সন্ত্রাসীদের’ তৎপরতা বেড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এখানে সাম্প্রতিক দুটি হামলার মধ্যে একটিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া অন্ততপক্ষে ২০টির মতো ঘটনায় পুলিশ সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।