২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে জার্মানিতে সিরীয় শরণার্থী আটক

ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকা এবং বোমা হামলার পরিকল্পনা করার সন্দেহে লাইপজিগ শহর থেকে এক সিরীয় তরুণকে আটক করেছে পুলিশ৷

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Oct 2016, 07:53 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

জাবের আল বকর নামের এই তরুণ গতবছর শরণার্থীর স্রোতের সঙ্গে জার্মানিতে প্রবেশ করেন। আইএসের সঙ্গে তার যোগাযোগ আছে এবং তিনি জার্মানির একটি বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছিলেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে৷

জার্মানির স্যাক্সনি রাজ্য পুলিশ জানায়, ব্যাপক তল্লাশি অভিযানের পর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার জার্মানির পূর্বাঞ্চলীয় এক  শহরের একটি অ্যাপার্টমেন্ট অভিযান চালিয়ে কয়েকশ গ্রাম বিস্ফোরক আটক করে পুলিশ। অভিযানকালে ২২ বছর বয়সী জাবের আল বকর পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। তারপর থেকে বকরকে ধরার জন্য ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। 

ট্যুইটারে স্যাক্সনি রাজ্য পুলিশ বলেছে, “ক্লান্ত তবে খুব আনন্দিত: গত রাতে লাইপজিগ থেকে আমরা ওই সন্দেহভাজনকে আটক করেছি।”

লাইপজিগ এর একটি অ্যাপার্টমেন্টে অন্য সিরীয়রা বকরকে ধরে রেখেছে এমন তথ্য পাওয়ার পর সেখানে গিয়ে তাকে আটক করে পুলিশ। লাইপজিগ পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে বকরকে তুলে নিয়ে আসে।

এর পরপরই এই সিরীয়কে ধরতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শুরু হওয়া তল্লাশি অভিযান বন্ধ হয়।

কোনও সূত্রের উল্লেখ না করে দার স্পাইগেল সাময়িকীর ওয়েবসাইটে বলা হয়েছে, লাইপজিগ রেল স্টেশনে গিয়ে অন্য এক সিরীয়র সঙ্গে দেখা করে বকর জানতে চান রাতে তার বাসায় ঘুমুতে পারবেন কিনা। ওই ব্যক্তি রাজি হন এবং পরে পুলিশকে খবর দেন।

পুলিশ গিয়ে স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৪২ মিনিটে বকরকে বাড়িটি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গত বছর জার্মানিতে প্রবেশ করে বকর সিরিয়ার গৃহযুদ্ধের একজন শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হন।

সামগ্রিক তদন্তে ও উদ্ধার করা বিস্ফোরক থেকে অনুমান করা হচ্ছে, বকর উগ্র মতবাদতাড়িত হয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন, বলেছেন জার্মানির কেন্দ্রীয় বিচার দপ্তরের এক মুখপাত্র।