২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন ম্যাথিউ: হাইতিতে মৃতের সংখ্যা ১ হাজার

আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাওয়ার আগে হাইতিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Oct 2016, 05:44 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘূণিঝড়টির আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলোতে কলেরাও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

ঝড়টি গত মঙ্গলবার হাইতিতে আঘাত হানে। উভয় আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে ঝড়ের তাণ্ডবে ১ হাজার মানুষের মৃত্যুর হিসাব দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

অন্যদিকে, দেশটির কেন্দ্রীয় নাগরিক সুরক্ষা সংস্থার সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩৩৬। হাইতির বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিহতের মোট সংখ্যা ও ধ্বংসের প্রকৃত চিত্র জানতে কর্মকর্তাদের আরও কিছুদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে নিহতদের গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কলেরা ছড়িয়ে পড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ম্যাথিউয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সড়কগুলোতে নৌকাসহ ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে গেছে। সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে। স্থগিত করা হয়েছে রোববার অনুষ্ঠেয় হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর জেরেমির ৮০ শতাংশ ধ্বংস হয়েছে।  আকাশ থেকে নেওয়া সেখানকার ভিডিওফুটেজে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া শত শত বাড়িঘর দেখা গেছে। চিকিৎসাকেন্দ্র এবং খাবারের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ বলছে, বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশে এই মুহূর্তে সাড়ে তিন লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।