তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১৭
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সেনাবাহিনীর একটি আউটপোস্টে গাড়ি বোমা হামলায় নয় সেনাসদস্যসহ ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার প্রাদেশিক সরকারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সেমদিনলি শহর থেকে ২০ কিলোমিটার দূরে দুরাক জেনডারমেরি স্টেশনে ওই হামলায় আরও ২৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১১ জন সেনা সদস্য।
সেমডিনলি একটি পর্বতময় অঞ্চল। এটি ইরাক ও ইরানের সীমান্তের হাক্কারি প্রদেশের কাছে অবস্থিত। ওই অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহীরা সক্রিয়।
বেসরকারি সংবাদ সংস্থা দোগানের প্রতিবেদনে বলা হয়, স্টেশনের সামনের রাস্তায় যানবাহনে তল্লাশি চালানোর সময় বিস্ফোরণ ঘটে।
পিকেকে-কে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও্ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
