২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাথিউয়ের তাণ্ডবে লন্ডভণ্ড হাইতি, মৃতের সংখ্যা ১৪০

আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে হাইতিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে; দেশটিতে ১৩৬ জনের মৃত্যু নিয়ে ঝড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

হাইতি ও কিউবায় আঘাত হানার পর বুধবার ঘূর্ণিঝড়টি তিন মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাহামা দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হয়।

তবে বৃহস্পতিবার ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার গতিবেশ নিয়ে ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই গতিবেগ বজায় রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র বলছে, ঘূর্ণিঝড়টি যে গতিবেগে যেদিকে অগ্রসর হচ্ছে তাতে শুক্রবার রাত নাগাদ সরাসরি ফ্লোরিডা উপকূলে আঘাত আনার আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত নিহত ১৪০ জনের মধ্যে ১৩৬ জনই হাইতির বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হাইতির উপকূলীয় শহর রোসে-অ-বাতেয়ুসহ দেশজুড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগে ডোমিনিকান রিপাবলিকে চারজনের মৃত্যু হয়।

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেরেমি শহরের ছবিতে ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর দেখা গেছে। চিকিৎসাকেন্দ্র এবং খাবারের আড়তগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। শহরের অধিকাংশ এলাকাই ঝড়ে পুরোপুলি লন্ডভন্ড হয়ে গেছে।

ম্যাথিউয়ের তাণ্ডবের কারণে হাইতির বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কিউবা ও হাইতির ওপর দিয়ে বয়ে যায়। গমনপথে প্রচণ্ড বৃষ্টিপাতে ওই অঞ্চলের শহরগুলো ভাসিয়ে দিয়ে যায়। এতে গবাদিপশু, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘূর্ণিঝড়টি হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গমনপথের সবকিছু ধ্বংস করে এগিয়ে গেছে। ম্যাথিউয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার সড়কগুলোতে নৌকাসহ ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে গেছে। সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে।

হাইতির সুদো প্রদেশের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ওই প্রদেশে সাত লাখেরও বেশি মানুষের বাস বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এদের মধ্যে প্রায় ১১ হাজার গৃহহীন হয়ে পড়েছে।

এই প্রদেশের জেরেমি শহরের মানুষেরা খোলা আকাশের নিচে দিনযাপন করছে। কারণ শহরের অধিকাংশ বাড়ি ধসে পড়েছে নয়তো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণ উপকূলের অধিকাংশ শহরে একই পরিস্থিতি বিরাজ করছে বলে বিভিন্ন খবরে জানানো হয়েছে।

সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে রোববার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাথিউয়ের তাণ্ডবের পর দেশটির নির্বাচন কাউন্সিল নির্বাচন পিছিয়ে দিয়েছে। নতুন কোনও তারিখ এখনও ঘোষিত হয়নি। এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন কারণে পিছিয়েছিল এই প্রেসিডেন্ট নির্বাচন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ১৫ লাখ মানুষকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। উপকূলের বাসিন্দাদের ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সরাসরি আঘাত মোকাবিলার জন্য প্রস্তুত থাকার জন্য সতর্ক করে দিয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রিক স্কট। ম্যাথিউয়ের আঘাত ধ্বংসাত্মক হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

পুরনো খবর:

ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে ক্যারিবিয়ায় ২৬ জনের মৃত্যু