ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ‘নিন্দা’
অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা ইসরায়েল অনুমোদন করায় ‘কঠোর নিন্দা’ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসি বলছে, হোয়াইট হাউস এবং পররাষ্ট্র দফতর জানিয়েছে, নয়া ৩০০ বাড়ি নির্মাণ ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ফিকে করে দিয়েছে।
ইসরায়েল আভাস দিয়েছিল, একশ’রও কম বাড়ি নির্মাণ অনুমোদন করা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যে বসতি রয়েছে সেই এলাকাতেই নতুন বাড়ি নির্মাণ করা হবে।
১৯৬৭ সালে ইসলায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেওয়ার পর থেকে অঞ্চল দুটিতে ১০০টিরও বেশি জনবসতি স্থাপন করা হয়। এসব বসতিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার ইসরায়েলি বসবাস করছেন।
আন্তর্জাতিক আইন অনুসারে এসব বসতি বেআইনি। কিন্তু তা বরাবরই উপেক্ষা করে আসছে ইসরায়েল।
জুলাইয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার এই ‘চিরস্থায়ী দখল এবং দ্বন্দ্বে’র ব্যাপারে বিশ্বশক্তি হুঁশিয়ারি জানিয়েছিল।
হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, “বসতি স্থাপনের ঘোষণা দিয়ে ইসরায়েলি সরকার যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তা শান্তি স্থাপনের প্রচেষ্টাকে ধ্বংস করে দেবে।”
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, নয়া বসতি স্থায়ী দখলদারিত্বের দিকে আরও একটি পদক্ষেপ যা আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে।
টোনার আরো বলেন, “এটি গভীর সমস্যার বিষয়” কারণ গেল মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ১০ বছরে ৩৮ বিলিয়ন ডলার পরিমাণ সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে আর অতি দ্রুত ইসরায়েল বসতি স্থাপনের ঘোষণা দিল।
