হারিকেন ম্যাথিউয়ের কবলে হাইতি, নিহত ১
হাইতি উপকূলে আঘাত হেনেছে চার মাত্রার শক্তিশালী হারিকেন ম্যাথিউ। প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঘন্টায় ২৩৪ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে অন্তত একজন নিহত এবং বেশকিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে হারিকেন ম্যাথিউ হাইতির দক্ষিণ- পশ্চিম উপকূলে আঘাত হেনেছে।
ম্যাথিউর প্রভাবে এরই মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে ‘জীবনের জন্য হুমকি’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার।
হাইতির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসেলেম প্রাইভার্ট ঝড়ে এরই মধ্যে বেশ কয়জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, “যারা সমুদ্রে গিয়েছিল তাদের অনেকে নিখোঁজ রয়েছে। তারা ঝড়ের আগাম সতর্কবার্তা অবজ্ঞা করেছে এবং জীবন হারিয়েছে।”
ওদিকে, রয়টার্সের খবরে হাইতির নাগরিক সুরক্ষা সেবা কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সমুদ্র তীরবর্তী শহর পোর্ট সালুতে জলোচ্ছ্বাসে একটি বাড়ি ভেসে গিয়ে একজন নিহত হয়েছে।
ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতির বাসিন্দাদের প্রায়ই বন্যা মোকাবেলা করতে হয়।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টারের কর্মকর্তা জন ক্যানজিয়ালসি বলেন, “হারিকেন ম্যাথিউ খুব ধীর গতিতে সমুদ্র থেকে স্থলভাগে উঠে এসেছে। এটি বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের লক্ষণ। হাইতির অধিকাংশ অঞ্চল পাহাড়ী হওয়ায় ঝড়ের প্রভাবে ভূমিধস হতে পারে।”
২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর হাইতির হাজার হাজার মানুষ এখনো তাঁবুতে বাস করে।
ঘূর্ণিঝড় দুর্গতদের আশ্রয় দিতে প্রায় ১৩শ জরুরি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যেখানে তিন লাখ ৪০ হাজার মানুষের স্থান সংকুলান হবে।
ঝড়ের পূর্বাভাসের পর হাইতির দুইটি বিমানবন্দরই বন্ধ করে দেওয়া হয়েছে।
উচ্চ ঝুঁকি পূর্ণ এলাকা থেকে ১৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও অনেকে বাড়িঘর লুটপাটের ভয়ে আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ম্যাথিউর প্রভাবে এরই মধ্যে জ্যামাইকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। হাইতির উপর দিয়ে ঘূর্ণিঝড়টি কিউবার দিকে আগ্রসর হতে পারে বলে ধারণ আবহাওয়া অধিদপ্তরের।
আর সপ্তাহের শেষ দিকে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। এরই মধ্যে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা রাজ্যের কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
২০০৭ সালের পর এই অঞ্চলে হারিকেন ম্যাথিউই সবচেয়ে শক্তিশালী ঝড়।
