প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করেছে ভারত
জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি অনুমোদন করেছে ভারত। বিশ্বে সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।
চুক্তির আওতায় ভারত ২০৩০ সালের মধ্যে দেশের অন্তত ৪০ শতাংশ বিদ্যুৎ অ-জীবাশ্ম জ্বালানির উৎস থেকে উৎপাদন করতে প্রতিশ্রুতবদ্ধ।
জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশেই দায়ী কার্বন ডাই অক্সাইড নির্গমন।
গত ডিসেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলনে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টায় কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে রাজি হয়েছিল প্রায় ২শ’ টি দেশ।
প্যারিসের এ চুক্তিই বিশ্বের প্রথম একটি সমন্বিত জলবায়ু চুক্তি। এখন বিশ্বে অন্তত ৫৫ শতাংশ কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য দায়ী ৫৫ টি দেশ এ চুক্তি অনুমোদন করার একমাস পর চুক্তিটি আইনগতভাবে কার্যকর হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসেই বলেছিলেন ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে চুক্তিটি অনুমোদন করবেন তিনি।
এখন ভারত চুক্তিটি অনুমোদন করায় বিশ্বে প্রায় ৫২ শতাংশ গ্রিন হাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী মোট ৬২ টি দেশ এ চুক্তির আওতায় এল।
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বে ৪০ শতাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী। দুটো দেশই এ মাসের শুরুর দিকে প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে।
ভারত বিশ্বে ৪ দশমিক ৫ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী এবং প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করা ৬২ তম দেশ।
আর কিছুদিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নও একই পথ অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।
