২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান আমেরিকানরা সবচে খারাপ অবস্থায়: ট্রাম্প

অন্য যে কোনো সময়ের চেয়ে এখনকার আফ্রিকান আমেরিকানরা ‘সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে’ মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 09:41 AM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বিবিসি বলছে, মঙ্গলবার কেনানসভিলে প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা আমাদের নগরীগুলো পুনর্নির্মাণ করতে যাচ্ছি। কারণ অন্য যেকোনো সময়ের চেয়ে আমাদের বর্তমান আফ্রিকান আমেরিকান সম্প্রদায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন।”

“আমাদের নগরীগুলোর দিকে তাকান, সেখানে আপনি শিক্ষা পাবেন না, চাকরি পাবেন না, রাস্তায় হাঁটতে হাঁটতেই আপনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়বেন।”

“তারা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আমি সত্যিই বলছি, আমাদের কয়েকটি নগরীর তুলনায় আফগানিস্তানের মত জায়গাও অনেক বেশি নিরাপদ।”

ট্রাম্পের এই মন্তব‌্যের পর সামাজিক যোগাযোগ মাধ‌্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে।

যুক্তরাষ্ট্রের দাসত্ব এবং বৈষম‌্যের যে ইতিহাস রয়েছে সেই বিষয়ে ট্রাম্পের বিবেচনা নিয়ে প্রশ্ন তোলেন।

জনমত জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো বেশ কম আর তা ক্রমশ নিম্নগামী হচ্ছে।

গেল মাসে মিশিগানে এক সমাবেশেও কৃষ্ণাঙ্গদের কটাক্ষ করেছিলেন ট্রাম্প।

ওই সমাবেশে উপস্থিত প্রায় সবাই শেতাঙ্গ ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

সেখানে কৃষ্ণাঙ্গদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, “আপনার হারানোর কী আছে?”

“আফ্রিকান আমেরিকানরা দারিদ্র‌্যের মধ্যে বসবাস করে। তাদের বিদ্যালয়গুলোও ভালো নয়।”-বলে মন্তব‌্য করেছিলেন ট্রাম্প।

চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমক্র‌্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।