২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলে্প্পোয় ত্রাণবহরে বিমান হামলা, জাতিসংঘ ত্রাণ স্থগিত

সিরিয়ার আলেপ্পোয় ত্রাণবহরে বিমান হামলায় অন্তত একজন ত্রাণকর্মীসহ প্রায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় ত্রাণকর্মীদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশটিতে সবধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Sep 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

ত্রাণবহরে সিরিয়া কিংবা রাশিয়ার বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

জাতিসংঘের এক মুখপাত্র বলেন, “যথাযথ অনুমোদন নিয়েই ত্রাণ বহরটি আলেপ্পোয় প্রবেশ করেছিল। যুদ্ধরত সবপক্ষ এমনকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে আগে থেকে জানানো হয়েছিল।”

উরম আল কুবরা শহরের কাছে চালানো মঙ্গলবারের ওই বিমান হামলায় জাতিসংঘের ত্রাণ বহরে থাকা ৩১টি লরির মধ্যে ১৮টি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লরিগুলোতে গম, শীতের কাপড় এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল।

হামলায় নিহতদের মধ্যে সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের স্থানীয় একজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এছাড়া, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও লরি চালকরাও রয়েছেন।

এ হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের ঘোরতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরের।

আইসিআরসি’র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা শাখার পরিচালক রবার্ট মারদিনি রয়টার্সকে বলেন, “এটি খুবই উদ্বেগজনক। আমরা নতুন করে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়তে দেখছি। বহু এলাকায় যুদ্ধের তীব্রতাও বেড়েছে।”

“আমরা চারটি শহরে ত্রাণ বিতরণের পরিকল্পনা করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে পুনর্মূল্যায়নের জন্য ওই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।”

সিরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় দেশটিতে শুরু হওয়া সাতদিনব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালানো হয়।

এ হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, “সিরীয় সরকারের মিত্র রাশিয়ার সঙ্গে মিলে রাজনৈতিকভাবে দেশটিতে গৃহযুদ্ধ অবসানে ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনার বিষয়টি পুনর্ম্যূলায়ন করবে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরীয় রেড ক্রিসেন্টের উরম আল কুবরা কেন্দ্রে মাল খালাসরত লরিগুলোতে প্রায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্য মিসতুরার মানবিক ত্রাণ বিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড জানিয়েছেন, মাল খালাস করে গুদামজাত করার সময় বহরটিতে ‘বোমাবর্ষণ’ করা হয়েছে। পার্শ্ববর্তী একটি স্বাস্থ্য ক্লিনিকও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।